ফের সিমিউই-৪ দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ চালু
রক্ষণাবেক্ষণ শেষে ফের দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৪) মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহ শুরু হলো। শনিবার (১৩ জুলাই) বিকেল ৪টা নাগাদ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপর চালু করে দেওয়া হয়েছে সবগুলো সার্কিট। বর্তমানে সারা দেশে পুরোদমে চলছে এই ক্যাবল থেকে ব্যান্ডউইথ সরবরাহ।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ তিনি জানান, সিঙ্গাপুর অংশে রক্ষণাবেক্ষণের কাজ শেষে কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৪ দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ আরো দুই ঘণ্টা আগেই শেষ হয়েছে। এরপর সবগুলো সার্কিট ওপেন করা হয়েছে। এখন স্বাভাবিক ব্যান্ডউইথ সরবরাহ অব্যাহত রয়েছে।
এর আগে, শুক্রবার বিএসসিপিএলসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবমেরিন ক্যাবল (সিমিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। যদিও এজন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এ সময় কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সিমিউই-৫ এর মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু ছিল।







